বসুন্ধরা সিটি শপিং মলে বিএসটিআইর অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। বিএসটিআইর পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন। এ সময় বিএসটিআইর কর্মকর্তা আহসান হাবিব খান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে নিম্নমানের শিশু খাদ্য ও প্রসাধনী বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠান (বিএসটিআই)।

আজ বৃহস্পতিবার পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইর পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন (ছাড়পত্র) ছাড়া নিম্নমানের শিশু খাদ্য ও প্রসাধনী বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

অভিযানে আলমাস সুপার শপে বিএসটিআইর পরীক্ষণ ও ছাড়পত্র ছাড়া নিম্নমানের শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে ছিল চকলেট, স্বাদযুক্ত পানীয়, গুঁড়া দুধসহ বিভিন্ন শিশু খাদ্য এবং প্রসাধনী। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান সোফিয়াস বিউটি হাউসের বিরুদ্ধে নিম্নমানের প্রসাধনী বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। বিএসটিআইর পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন। এ সময় বিএসটিআইর কর্মকর্তা আহসান হাবিব খান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশজুড়ে নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরো জোরদার করা হবে। একই সঙ্গে কেনাকাটার সময় বিএসটিআইয়ের অনুমোদিত ও মানসম্মত পণ্য কেনার জন্য ভোক্তাদের আহ্বান জানানো হয়েছে।

আরও