ঢাকা-৮

শাপলা কলির এজেন্টকে দেরি করে ঢুকতে দেয়া হয়েছে, নাসীরউদ্দীন পাটোয়ারীর অভিযোগ

ঢাকায় শাপলা কলির ভূমিধস বিজয় হবে বলে দাবি করেন এই নেতা।

'আমাদের এজেন্টকে যখন তিন ঘণ্টা বাইরে রাখা হয়েছে তখন ভেতরে কী করা হয়েছে তা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে আমাদের দেখাতে হবে। আমি এজেন্টের সঙ্গে কথা বলেছি। উনি যেটা জানিয়েছেন আমাকে যে, উনাকে প্রশাসনের লোক চেক করে নাই। চেক করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা। মির্জা আব্বাসের লোক।'

মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ক্ষমতা দেখিয়ে তিন ঘণ্টা শাপলা কলির পোলিং এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী। বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সকাল থেকে অনেক কেন্দ্রে গিয়েছি। অনেক জায়গায় সুষ্ঠু ভোট হচ্ছে। কিন্তু মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে আমাদের এজেন্টকে এক ঘণ্টা দেরি করে ঢুকতে দেয়া হয়েছে এবং সেটি এক্সটেন্ড করে তিন ঘণ্টা করা হয়েছে। ওই তিন ঘণ্টা এই কেন্দ্রের ভেতরে কী হয়েছে সেটা আমরা জানতে চাই।

তিনি আরো বলেন, আমাদের এজেন্টকে যখন তিন ঘণ্টা বাইরে রাখা হয়েছে তখন ভেতরে কী করা হয়েছে তা সিসিটিভি ফুটেজ উদ্ধার করে আমাদের দেখাতে হবে। আমি এজেন্টের সঙ্গে কথা বলেছি। উনি যেটা জানিয়েছেন আমাকে যে, উনাকে প্রশাসনের লোক চেক করে নাই। চেক করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা। মির্জা আব্বাসের লোক। তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই যে এজেন্টকে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো এটা বাংলাদেশের আসল গণতন্ত্র না।

নাসীরুদ্দীন পাটোয়ারী আরো বলেন, বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে প্রতিষ্ঠিত কলেজে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে।

এনসিপির এই নেতা বলেন, আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে। লাঙ্গলের পেছনে আছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের পেছনে আছে ভারত। লাঙ্গল, তারপর আওয়ামী লীগ ধান মিলেমিশে একাকার।

মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, শাপলা কলিতে ব্যাপকভাবে ভোট দিয়েছে জেন জি। ঢাকায় শাপলা কলির ভূমিধস বিজয় হবে বলে দাবি করেন এই নেতা। সে সঙ্গে তিনি বলেন, এই বিজয় নাসীরুদ্দীন পাটোয়ারীর না, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। অনেকেই আমাকে বলছেন যে, আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি।

আরও