ফ্লাইট বাতিলে ১৩ হাজার কর্মীর যোগদান অনিশ্চিত

সৌদি ভিসার মেয়াদ বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তার আহ্বান এসএবিসিসিআইর

এসএবিসিসিআইর আহ্বান অনুযায়ী, সৌদি আরবগামী কর্মীদের কর্মস্থলে যোগদানের অনিশ্চয়তা নিরসনে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। প্রয়োজনে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো, নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মস্থলে যোগদানের বিকল্প ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনার অনুরোধ জানিয়েছে সংগঠনটি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৌদি আরবগামী বাংলাদেশী কর্মীদের কর্মস্থলে যোগদান ব্যাহত হওয়া এবং প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। পরিস্থিতি দীর্ঘায়িত হলে কর্মসংস্থান, প্রবাসী আয়, আমদানি-রফতানি, বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংগঠনটি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধি, নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসএবিসিসিআই জানায়, সাম্প্রতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক দিনে ৮২টি ফ্লাইট বাতিলের কারণে ১৩ হাজারেরও বেশি সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীর কর্মস্থলে যোগদান ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে কর্মীদের নির্ধারিত সময়ে কাজে যোগদান ও চাকরির নিশ্চয়তা ঝুঁকিতে পড়তে পারে। একইসঙ্গে তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বাংলাদেশীসহ সংশ্লিষ্ট সব হতাহত ব্যক্তির প্রতি সমবেদনা জানিয়েছে। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশীসহ সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আলোচনার মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে তারা।

এসএবিসিসিআইর আহ্বান অনুযায়ী, সৌদি আরবগামী কর্মীদের কর্মস্থলে যোগদানের অনিশ্চয়তা নিরসনে বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। প্রয়োজনে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো, নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কর্মস্থলে যোগদানের বিকল্প ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রশাসনিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো বিবেচনার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অস্থিতিশীলতা শুধু সামাজিক ও মানবিক ক্ষেত্রেই নয়, কর্মসংস্থান, প্রবাসী আয়, আমদানি-রফতানি, বাণিজ্য ও বিনিয়োগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ বিবেচনায় পরিস্থিতির দ্রুত স্বাভাবিকীকরণ জরুরি।

এসএবিসিসিআই মনে করে, পারস্পরিক সহযোগিতা, কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সংলাপের মাধ্যমে এ পরিস্থিতির দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব। সৌদি আরবে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের নিরাপত্তা, কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আরও