প্রথম অন-গ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র

সাত বছরে জাতীয় গ্রিডে যুক্ত ৬ কোটি ইউনিট

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ বিভক্ত করেছে কর্ণফুলীকে। ওপরের অর্থাৎ উজানের অংশটি এখন হ্রদ।

নিচের দিকে বহমান কর্ণফুলী। বাঁধের ওপর দাঁড়ালে উত্তরে হ্রদের বিশাল জলরাশি। দক্ষিণে কর্ণফুলীর স্রোতধারা। তার আগে বাঁধ–লাগোয়া নদীতীরে বসেছে সারি সারি সৌর প্যানেল, রোদ পড়ে চিক চিক করছে। এ সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। প্রতিষ্ঠার পর সাত বছরে কেন্দ্রটি থেকে মোট ছয় কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এ বিদ্যুতের বাণিজ্যিক মূল্য ৭২ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর সরকারিভাবে দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র হিসেবে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে-সংলগ্ন এলাকায় কাপ্তাই বাঁধের দক্ষিণ পাশেই ৭ দশমিক ৪ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার কেন্দ্রটি চালু করা হয়। এটিই দেশের প্রথম অন-গ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র, যেখান থেকে সরাসরি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। ১১০ কোটি টাকা ব্যয়ের কাপ্তাইয়ের ৭ দশমিক ৪ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটিতে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের সাড়ে ১৯ একর পরিত্যক্ত জমি ব্যবহার হয়েছে।

কাপ্তাই সাত মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ১১ সেপ্টেম্বর উৎপাদনে যাওয়ার পর থেকে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি থেকে মোট ছয় কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে এবং জাতীয় গ্রিডে যোগ হওয়া বিদ্যুতের বাণিজ্যিক মূল্য ৭২ কোটি টাকা। দৈনিক গড় উৎপাদন সক্ষমতা ২৭ হাজার ইউনিট।

এ প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তাই সাত মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বণিক বার্তাকে বলেন, ‘বর্তমানে কাপ্তাই সোলার বিদ্যুৎ কেন্দ্রের ৭ দশমিক ৪ মেগাওয়াটের সোলার প্লান্ট উৎপাদন হচ্ছে এবং এর সঙ্গে অতিসম্প্রতি আরো এক মেগাওয়াট যোগ হচ্ছে। আলাদাভাবে ৩৩২ কিলোওয়াটের রুফটপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ শিগগিরই শুরু হবে।’

এছাড়া ৭ দশমিক ৬ মেগাওয়াটের আরেকটি আলাদা সোলার প্লান্ট স্থাপন করা হবে। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মো. মাহমুদ হাসান বণিক বার্তাকে বলেন, ‘পানিবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সৌরবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আমাদের সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজ চলমান রয়েছে।’

আরও