গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের অংশগ্রহণে এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রী বলেন, ‘কুমিল্লা শহরের নাগরিকদের জন্য একটি কার্যকর ও আধুনিক পানি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে ওয়াসা গঠন সময়োপযোগী উদ্যোগ।’ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়ার নির্দেশনা দেন তিনি। একইসঙ্গে নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় কুমিল্লা নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়নের প্রেক্ষাপটে সুপেয় পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি নগর ব্যবস্থাপনার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সচিব মো. শহীদুল হাসান ও কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নগর এলাকায় নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি শোধন এবং সরবরাহ নেটওয়ার্ক উন্নয়নের দায়িত্ব পালন করে ওয়াসা। বর্তমানে দেশের পাঁচ প্রধান নগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে সংস্থাটির কার্যক্রম রয়েছে।