পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকব। আমরা আশা করি, সেপ্টেম্বর মাস থেকে দেশে আর কোনো লোডশেডিং থাকবে না। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, লোডশেডিং নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি একনেক সভায়। দেশের পরিস্থিতি ভালো হচ্ছে দাবি করে তিনি বলেন, অনেকে বলেছিলেন দেশ শ্রীলংকা হয়ে গেল। ইনশাআল্লাহ শ্রীলংকা হয়নি, দুই মাস হয়ে গেল। রিজার্ভ নামছিল, এখন টেকসই অবস্থায়। রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। ঈদের পরে বেশি রেমিটেন্স পেয়েছি, ৩০ শতাংশ বেড়েছে। রফতানি হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।
এম এ মান্নান আরো বলেন, আমরা খাদে পড়ব না; বরং খাদ থেকে উঠব। জ্বালানির দাম ধীরে ধীরে বিশ্ববাজারে নামছে। আমরাও জ্বালানি সমন্বয় করব। ইউক্রেন-রাশিয়া পৃথিবীর চার ভাগের একভাগ খাদ্য উৎপাদন করে। ভয় কেটে যাবে আশা করছি। সমতল ধারায় ফিরে যাবে দেশের অর্থনীতি। এই বিশ্বাস আমাদের আছে।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।