জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটা গণঅভ্যুত্থানের পর দেশে চাঁদাবাজ থাকবে, দখলদারত্ব থাকবে আমরা আশা করি নাই। চাদাবাজরা এখনো নৃশংসভাবে মানুষ হত্যা করছে।
রোববার (১৩ জুলাই) জুলাই পদযাত্রার ১৩তম দিনে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) পিরোজপুর জেলা শাখার আয়োজনে স্থানীয় শহীদ মিনারে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস এমন কোনো অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই। তিন তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ফলে মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম, নির্যাতন, অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল।
সকাল ১১টায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় বক্তব্য দেন। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।