বগুড়া পু‌লিশ লাইনসে এএসআইয়ের আত্মহত্যা

বগুড়া পু‌লিশ লাইনসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পু‌লিশ সদস‌্য আরিফুল ইসলাম (৪০)। তিনি বেতার শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার বগুড়ার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্প‌তিবার দিবাগত রা‌তের যেকোনো এক সময় তি‌নি আত্মহত‌্যা ক‌রেছেন বলে ধারণা তার সহকর্মীদের।

বগুড়া সদর থানা পু‌লিশ জানায়, বগুড়া পু‌লিশ লাইন্সের বেতার শাখার দোতলার একটি কক্ষে তি‌নি বসবাস করতেন। বৃহস্পতিবার রাতেও তিনি স্বাভা‌বিক আচরণ করেন। পরদিন শুক্রবার সকালে দেখতে না পেয়ে সহকর্মীরা তার খোঁজ কর‌তে থা‌কেন। এক পর্যা‌য়ে সকাল ১০টার পর পাশের একটি ওয়ার্কসপ রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় তাদের। পরে জানালা দিয়ে দেখা যায়, তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে পুলিশ সুপারসহ অন‌্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মর্গে পাঠানো হয়।

বগুড়া পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ জানান, আরিফুলের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকেন। তাদের সঙ্গে কথা বলা হয়েছে, পারিবারিক কোনো বিরোধের তথ্য পাওয়া যায়নি। বিষয়‌টি নিয়ে তদন্ত চল‌ছে।

আরও