পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনায় তীব্র নিন্দা বাংলাদেশের

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের পরিপন্থী। একইসঙ্গে এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতাকে আরো ক্ষুণ্ন করছে এবং কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে

অধিকৃত পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় বসতি নির্মাণ এগিয়ে নেয়ার ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি অবহিত করেছে।

সেখানে বলা হয়, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবের পরিপন্থী। একইসঙ্গে এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক অখণ্ডতাকে আরো ক্ষুণ্ন করছে এবং কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

এসব অধিকারের মধ্যে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারও রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে এমন পদক্ষেপ প্রতিহত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত, সামগ্রিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতিও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। এতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

আরও