ইউক্রেনে ৫ বাংলাদেশিকে জিম্মি করার অভিযোগ

গতকাল শুক্রবার আটক থাকা ৫ বাংলাদেশির আকুতি জানানো একটি ভিডিও প্রকাশ করে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে- রাতের বেলা গুলির শব্দ শুনি, আলো নিভিয়ে বসে থাকতে হয়। আমাদের উদ্ধার করেন।

ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশি নাগরিককে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে এক বাংলাদেশির করা ভিডিওবার্তায় প্রথমে বিষয়টি প্রকাশ পায়। সেখানে জিম্মি হওয়া বাংলাদেশিরা তাদের উদ্ধারের আকুতি জানান। ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ শনিবার বিকেল ৩টার দিকে এ সংক্রান্ত একটি খবরও প্রকাশ করে। 

এর আগে গতকাল শুক্রবার আটক থাকা ৫ বাংলাদেশির আকুতি জানানো একটি ভিডিও প্রকাশ করে জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে। ভিডিওর ক্যাপশনে লেখা আছে- রাতের বেলা গুলির শব্দ শুনি, আলো নিভিয়ে বসে থাকতে হয়। আমাদের উদ্ধার করেন।

ডয়েচে ভেলের বাংলা বিভাগ বলেছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি। ভিডিও বার্তাটি ওই বাংলাদেশিরাই পাঠিয়েছেন।

ওই ভিডিও থেকে একজনের পরিচয় জানা গেছে। তার নাম রিয়াদুল মালিক। তিনিসহ আটকে থাকা অপর চারজনকে উদ্ধারের আকুতি জানিয়ে রিয়াদুল বলেন, ‘আমরা ইউক্রেনের একটি ক্যাম্পে আটক রয়েছি। এখানে আরো কয়েকজন বাংলাদেশি আছেন। একজন দরজায় পাহারা দিচ্ছেন। তাদের সবার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছে। আমরা একটি মোবাইল ফোন লুকিয়ে রেখেছি। এই শিবিরকে ইউক্রেনের সেনারা ঘাঁটি বানিয়েছে। রাশিয়া সেনা ঘাঁটি দেখে দেখে বোমা ফেলছে।’

‘আমরা অনেক ভয়ে আছি। আমাদের আটকে রেখেছে জিম্মির মতো করে। ১০০ এর ওপর মানুষ আছে। রাত হলে বোমা ও গুলির শব্দ শুনতে পাই। লাইট বন্ধ করে দিই। আমরা যেখানে তিনজন মানুষ থাকি, সেখানে ১০ জন এনে রেখেছে। আমাদের মারে। আমাদের অনেক মারতেছে।’

রিয়াদুল আরো বলেন, ‘ইউক্রেনের অন্য ক্যাম্পগুলোর সবই বোমা ফেলে উড়িয়ে দিয়েছে এরই মধ্যে। এ শিবিরটা শুধু আছে। আমরা জানি না, আমাদের জীবনের নিশ্চয়তা কতটুকু আছে। আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য। আমাদের জীবনের এখন এক মিনিটেরও নিশ্চয়তা নেই।’

ভিডিওতে তিনি আরো বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমরা বেলারুশ থেকে ৬০ কিলোমিটার দূরে আছি। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। আমাদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে। আমরা অনেক আতঙ্কে আছি। এখানে অনেক দেশের ১০০ জনের ওপর মানুষ আছে। নারী ও শিশু আছে। ওরা কাউকে মুক্তি দিচ্ছে না।’

এর আগে এক বাংলাদেশিকে উদ্ধারের কথা জানায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ও নেপাল তাদের নিজস্ব নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে আনার অনুরোধ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি বলেন, এরই মধ্যে একজন বাংলাদেশি আমাদের সঙ্গে এসেছে।

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের সরিয়ে নিতে দেশটিতে নিযুক্ত ভারতীয় দূতাবাসের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আরও