দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, একটি দুষ্টচক্র সার মজুদের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে সামনে রেখে আজ শনিবার দুপুরে ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, কৃষকদের সহায়তায় প্রথম ধাপে সারা দেশে এক লাখ ১০ হাজার কৃষি কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ফেনীতে সাড়ে সাত হাজার কৃষক এ কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আমিন উর রশিদ আরো বলেন, দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তাই সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুদ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহ, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রামবিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।