ব্যবসায়ীদের সিদ্ধান্ত

যশোরের শপিংমলগুলোয় থাকবে না সাজ-সজ্জার লাইটিং, রাত ৮টার পর দোকান বন্ধ

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করণীয় শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন।

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে যশোরের ব্যবসায়ীরা অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। সে অনু্যায়ী, এখন থেকে শপিংমলগুলোয় বন্ধ করা হবে সাজ-সজ্জার লাইটিং। রাত ৮টার পর বন্ধ থাকবে দোকান। তবে পোশাক ও জুতা ব্যবসায়ীরা ঈদের পর রাত ৮টার পর তাদের দোকান বন্ধ করার ঘোষণা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে করণীয় শীর্ষক আলোচনা সভায় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন।

সংগঠনের সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, যশোর ফল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, যশোর মটরপার্টস টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, কাপড় ব্যবসায়ী তন্ময় সাহা প্রমুখ।

সভায় ওজোপাডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানান, আমেরিকা-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে। আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে প্রয়োজন জ্বালানি। জ্বালানি না আনতে পারলে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখা যাবে না। তখন কেউ বিদ্যুৎ পাবেনা। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বের হতে হবে।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু বলেছেন, আগামীকাল রাত ৮টার পর সব ধরণের দোকান-পাট (পোশাক ও জুতা ব্যবসায়ীরা বাদে) বন্ধ থাকবে। কেউ শপিংমলে লাইটের সাজসজ্জা করব না, বাইরের সাইনবোর্ড রাতে জালাব না। যাতে দেশের অন্যান্য জেলার ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হন।

আরও