বিএনপিকে চাপ সৃষ্টি করে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের সামনে জুলাই-আগস্ট বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই।

বিএনপিকে চাপ সৃষ্টি করে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ যারাই চেষ্টা করুন না কেনো, আমাদের (বিএনপি) বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না।

আজ সোমবার (২৮ জুলাই) সকালে শাহবাগ চত্বরে যুবদলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের সামনে জুলাই-আগস্ট বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই।

তিনি বলেন, একটা স্লোগান দিয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- ‘সবার আগে বাংলাদেশ’। এটার অর্থ কী? এটার অর্থ, আমরা কারো কাছে মাথা নত করব না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকব না।

মির্জা ফখরুল আরো বলেন, এই দেশের মানুষ লড়াই করেছে, লড়াই করতে জানে, লড়াই করে স্বাধীনতা এনেছে, লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আজকে নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে, যেই বাংলাদেশে যুবদল, ছাত্রদল ও বিএনপি’র দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে- ‘এরা ভালো মানুষ, ভালো দল’।

তিনি আরো বলেন, একটা কথা আছে ইংরেজিতে ‘পাবলিক পারসেপশন’ জনমত, জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক।

তিনি বলেন, যদি সত্যিকার অর্থে এই দেশকে পরিবর্তন করতে চান, তাহলে জনসাধারণকে জিজ্ঞাসা করতে হবে যে, সে কী চায়? আমার ভ্যানচালক কী চায়, তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে? আমার ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে। আজকে এই কথাগুলো বলছি এ জন্য যে, আজকে এর প্রয়োজন এসে গেছে।

গত ১৫ বছরের বিএনপি’র নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের ৭৯ জন ও ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। শুধু কয়েকটি দল, কয়েকজন ছেলে-ছাত্র নয়, শিশু থেকে শুরু করে নব্বইয়ের বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন রাস্তায় নেমে এসেছিল।

তিনি বলেন, এই যে ত্যাগ, ২ হাজারের ওপরে মানুষ হারালাম, ছেলেদের হারালাম, আমাদের নেতা-কর্মীরা পঙ্গু হলো, চোখ হারালো তার একটাই তো লক্ষ্য, সেটা হচ্ছে, ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করে এই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা।

৫ সমন্বয়কারী গ্রেফতারের খবরে বেদনায় নীল হয়ে গেছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আজকে যখন পত্রিকায় দেখলাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম পাঁচ জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায় করে নিয়েছে।

শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘গ্রাফিতি অঙ্কন’ অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বিএনপি’র মহাসচিব রঙ-তুলি নিয়ে স্ক্যানভাসে গ্রাফিতি আঁকার মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

আরও