নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ পাল (৪০) নামের এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের দক্ষিণ দৌলতপুর থানার মোড় এলাকায় ব্যবসায়ীর নিজ দোকানে এ ঘটনা ঘটে।
নিহত নারায়ণ পাল পৌর শহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার দূরে থানা মোড়ে নারায়ণ পালের মুদি দোকান। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এক ক্রেতা দোকানের ভেতরে নারায়ণের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এ ঘটনায় দোষীকে চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।