কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে ও দুপুরে উপজেলার দুটি এলাকায় এসব ঘটনা ঘটে।
স্বজনদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে দুপুর ১২টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুইজনের মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।