গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে সফিপুরে অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওই ওষুধ উৎপাদন কারখানার হারবাল মেডিসিন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের নির্বাহী পরিচালক আবদুল খালেক বলেন, ‘কারখানায় আগুন লাগার পর শ্রমিকরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোনের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘কালিয়াকৈরে আগুন লাগার খবর পাওয়ার পর পরই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।’