৩৬ প্রকল্পে বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

আজ এনইসিতে বৈঠক

দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে বড় বড় প্রকল্প হাতে নেয়ার প্রস্তাব এসেছে। তবে এসব উদ্যোগের ভাগ্য নির্ভর করছে বৈদেশিক সহায়তার ওপর।

দেশের মানুষের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে বড় বড় প্রকল্প হাতে নেয়ার প্রস্তাব এসেছে। তবে এসব উদ্যোগের ভাগ্য নির্ভর করছে বৈদেশিক সহায়তার ওপর। এ সহায়তা কতটা পাওয়া যাবে, কোন প্রকল্প কতটা অগ্রাধিকার পাবে, তা ঠিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটি।

আজ বেলা ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইআরডি সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী।

জানা গেছে, বৈঠকে আলোচনায় উঠছে প্রায় তিন ডজন প্রকল্প, যেগুলোর যৌক্তিকতা, বাস্তবতা ও অর্থায়নের নিশ্চয়তা নিয়ে শুরু হবে বিস্তারিত যাচাই-বাছাই। এছাড়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পক্ষ থেকে বৈদেশিক সহায়তার জন্য একাধিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব উপস্থাপন করা হবে।

স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জরুরি ভিত্তিতে পাঁচটি প্রকল্প আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে হাসপাতাল নির্মাণ, ভেনম রিসার্চ সেন্টার শক্তিশালীকরণ, জেলা হাসপাতাল উন্নয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকীকরণ। সব বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিস্তা নদী পুনর্ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার উদ্যোগের প্রথম ধাপ। প্রায় ৭৪ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ের এ প্রকল্পে চীন থেকে ঋণ আসবে প্রায় ৫৫ কোটি ডলার। পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করবে এ প্রকল্প। এছাড়া অভিযোজনযোগ্য নদী ব্যবস্থাপনা প্রকল্প ও মেট্রো ঢাকার পানি নিরাপত্তা ও স্থিতিশীলতা কর্মসূচিও বৈঠকে থাকবে।

চট্টগ্রামে বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে। এতে চীনের অনুদান থাকছে ২১ দশমিক ৩৯ বিলিয়ন টাকা, যার মধ্যে যন্ত্রপাতি বাবদ বরাদ্দ ৬ দশমিক শূন্য ৯ বিলিয়ন।

স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ৩১টি পৌরসভায় পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা, চট্টগ্রামের মোহরা পানি শোধনাগারে নতুন ইন্টেক স্থাপন, সুরমা নদীর দুই তীরে বন্যা প্রতিরক্ষা দেয়াল নির্মাণ ও সিলেট নগরীর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্বাসন। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ‘লজিক’ প্রকল্পের দ্বিতীয় ধাপ ও গ্রামীণ সড়কে ছোট সেতু নির্মাণ প্রকল্পও আলোচনায় থাকবে।

বিদ্যুৎ বিভাগ ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক আধুনিকীকরণ ও নরসিংদীর রায়পুরায় ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প তুলেছে। নৌ-পরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ শিপিং করপোরেশনের মাধ্যমে চারটি নতুন জাহাজ কেনার পরিকল্পনা করেছে—দুটি তেলবাহী জাহাজ ও দুটি বাল্ক ক্যারিয়ার।

রেলপথ মন্ত্রণালয় তুলেছে দুটি প্রকল্প—ঢাকার ধীরাশ্রম এলাকায় নতুন কনটেইনার ডিপো নির্মাণ ও নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরের দ্বিতীয় ধাপ উন্নয়নের প্রস্তাব দিয়েছে।

তথ্যপ্রযুক্তি বিভাগ আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল রূপান্তর কর্মসূচি হাতে নিতে চায়। কৃষি মন্ত্রণালয় আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের প্রস্তাব দিয়েছে। শিক্ষা খাতে রয়েছে দুটি প্রকল্প—বুয়েটে চতুর্থ শিল্প বিপ্লব গবেষণা ও উদ্ভাবন পার্ক এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সুবিধা উন্নয়ন।

সবশেষে সেতু বিভাগ মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর ওপর দ্বিতীয় মুক্তারপুর সেতু নির্মাণের প্রস্তাব করেছে।

আরও