কুষ্টিয়াতে মাইক্রোবাসের ধাক্কায় এবতেদায়ী মাদ্রাসার চার শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন।
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে আজ রোববার (২৯ সেপ্টেম্বর)
সকাল ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের দুই মেয়ে তানজিলা (১১) ও মারিয়া ১০ এবং হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২)।
আহত ২ জন হলো পালন শেখের আরেক মেয়ে সাদিয়া (১৩) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ জানান, ঢাকা থেকে আসা দ্রতগতিসম্পন্ন মাইক্রোবাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
তিনি জানান, এদের মধ্যে মারিয়া, তানজিলা ও বিথী ঘটনাস্থলেই মারা যায়। মিম মারা যায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছে।