প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মক ভোটকেন্দ্র আয়োজন

এ আয়োজনে অংশগ্রহণকারী অনেক প্রতিবন্ধী ব্যক্তি আগে কখনো ভোট দেননি। ফলে তারা প্রথমবারের মতো ভোটকেন্দ্রের পরিবেশ, ভোট প্রদানের ধাপ এবং প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অনেকে আগের ভোট প্রদান এবং এ ভোট প্রদান সুবিধার মধ্যে তুলনা করে বলেন, প্রতিটি ভোট কেন্দ্র যদি এমন হতো তাহলে তাদের জন্য ভোট প্রদান খুব সুবিধা হতো।

বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর আয়োজনে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে একটি মক ভোটকেন্দ্র আয়োজন করা হয়।

এ আয়োজনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভোট দেয়ার কথা বিবেচনায় রেখে নানামুখী প্রবেশগম্যতার ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে ছিল বিদ্যালয়ে প্রবেশের জন্য র‍্যাম্প, দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল ব্যালট, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইশারা ভাষার দোভাষীর সহযোগিতা। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধী ও বহুমুখী প্রতিবন্ধী ব্যক্তিরাও এ মক ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। অডিও সুবিধাযুক্ত তথ্যকেন্দ্রও রাখা হয়।

এ আয়োজনে অংশগ্রহণকারী অনেক প্রতিবন্ধী ব্যক্তি আগে কখনো ভোট দেননি। ফলে তারা প্রথমবারের মতো ভোটকেন্দ্রের পরিবেশ, ভোট প্রদানের ধাপ এবং প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অনেকে আগের ভোট প্রদান এবং এ ভোট প্রদান সুবিধার মধ্যে তুলনা করে বলেন, প্রতিটি ভোট কেন্দ্র যদি এমন হতো তাহলে তাদের জন্য ভোট প্রদান খুব সুবিধা হতো। এ মক ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, ভোটার এবং আয়োজক সংগঠনের প্রতিনিধিসহ সবাই ছিলেন প্রতিবন্ধী ব্যক্তি, যা এ উদ্যোগকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে।

মক ভোটিং কার্যক্রমে মোট ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্নভাবে ভোট দেন। বি-স্ক্যান’র নির্বাহী পরিচালক সালমা মাহবুব এ আয়োজনের গুরুত্বের কথা তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশে এমন একটি অন্তর্ভুক্তিমূলক ভোটকেন্দ্র প্রদর্শনের বিশেষ প্রয়োজন ছিল। আমরা এ আয়োজনটি করতে পেরে বিশেষভাবে আনন্দিত।

আয়োজনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইএফইএস-এর সিনিয়র কান্ট্রি ডিরেক্টর পল গরিন, ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশ-এর প্রতিনিধি জুলস সিটয, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)-এর প্রকল্প পরিচালক আস্তাসিয়া এস উইবাওয়া, প্রকল্প ব্যবস্থাপক রোকসানা হক এবং এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল)-এর প্রতিনিধিরা। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস)-এর নির্বাহী পরিচালক বদিউল আলম উপস্থিত ছিলেন।

এ মক ভোটকেন্দ্র আয়োজন প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার, সমান অংশগ্রহণ এবং প্রবেশগম্য নির্বাচনী ব্যবস্থার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতে একটি বাস্তব উদাহরণ হিসেবে কাজ করবে।

আরও