মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল (৬০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল ওই গ্রামের মৃত ছখাত মিয়ার পুত্র। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা জামে মসজিদের জমিসহ বিভিন্ন বিষয়ে একই গ্রামের আব্দুল জলিল ও মৃত মজর আলীর ছেলে ইয়াছিন মিয়া গং-এর বিরোধ চলে আসছিল।
শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে উভয়ের পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। এ ঘটনার জের ধরে ইফতারের পর আব্দুল জলিলকে বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে ইয়াছিন মিয়া ও তার ভাতিজা তারেকুল ইসলাম তারা মিয়াসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।
এ সময় আব্দুল জলিলের চিৎকারে তার ছেলে রনি মিয়া (২৬), শাহিদ মিয়া (২৪) ও ভাগ্নে সাঈদ আহমদ (১৮) ঘটনাস্থলে ছুটে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। পরে আব্দুল জলিলসহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রনি মিয়া ও ইয়াছিন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ি থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।