মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল-নসিমন সংর্ঘষে দুই বন্ধু নিহত

রাজন ও ইমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে ফার্নিচার দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খেতে বাড়ি গিয়েছিলেন। পরে বিকেলে মোটরসাইকেলে দোকানে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মাদারীপুরে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে দুর্ঘটনার পর ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে সেখানে রাতে তারা মারা যান। জেলার রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি গ্রামের সিদ্দিক খালাসীর ছেলে রাজন খালাসী(১৭) ও হান্নান মল্লিকের ছেলে ইমন মল্লিক (১৯)। তারা দুজন বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাজন ও ইমন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে ফার্নিচার দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খেতে বাড়ি গিয়েছিলেন। পরে বিকেলে মোটরসাইকেলে দোকানে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং রাজন ও ইমন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৮ টার দিকে দুজনই মারা যান। রাতেই তাদের বাড়ি এনে দাফন করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, কবিরাজপুরে একটি মটরসাইকেল দুর্ঘটনার ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অবহিত করেনি। পরে শুনেছি দুটি ছেলেই ফরিদপুরে মেডিকেলে কলেজ ও হাসপাতালে মারা গেছে।

আরও