দুদিন পর সচল হলো হিলি ইমিগ্রেশনের সার্ভার

আপডেটসংক্রান্ত জটিলতার কারণে দুদিন বিকল থাকার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার সচল হয়েছে।

আপডেটসংক্রান্ত জটিলতার কারণে দুদিন বিকল থাকার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার সচল হয়েছে। এতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সময় কম লাগায় ঝামেলাবিহীন যাতায়াত করতে পারায় খুশি এ পথ দিয়ে চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা প্রয়োজনে চলাচলকারী যাত্রীরা।

গতকাল সকাল থেকে ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার সচল হলে দুই দেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রমে গতি আসে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সার্ভার বিকল হয়ে পড়লে ঘণ্টাখানেক ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তী সময়ে ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু হলেও ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ যেতে পারলেও অনেকে বাড়ি ফিরে গিয়েছেন। বেশি বিপাকে পড়েন টিকিট কেটে ভারতে চিকিৎসা নিতে যাওয়া যাত্রীরা।

ভারতে যাওয়া পাসপোর্টধারী যাত্রী সোহাগ হোসেন বলেন, ‘নতুন পাসপোর্ট করার পর প্রথম ভিসা পেয়েছি। নিজের জন্য কিছু কেনাকাটা করতে ও বেড়াতে যাওয়ার জন্য ভারতে যেতে চেয়েছিলাম। শুক্রবার হিলি ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে বাড়ি ফিরে এসেছি। ইমিগ্রেশনের সার্ভার বিকল থাকার কারণে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। সার্ভার সচল হওয়ায় এখন ভারতে যাচ্ছি। সকালে এসে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করলাম খুব অল্প সময়ের মধ্যেই পাসপোর্ট এন্ট্রিসহ অন্যান্য কাজ সম্পন্ন হলো। যার কারণে সহজেই ভারতে যেতে পারছি।’

ভারত থেকে দেশে ফেরা কল্পনা রানী বলেন, ‘‌ভারতে চিকিৎসা শেষে সকালে দেশে ফিরেছি। যথারীতি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট এন্ট্রি করা ছবি ওঠানোসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। শুনলাম দুইদিন নাকি সার্ভারের কারণে খুব সমস্যা হয়েছিল। তবে গতকাল কোনো সমস্যায় পড়তে হয়নি যাত্রীদের।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘আপডেটসংক্রান্ত জটিলতায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভারটি বিকল হয়ে যায়। এতে ঘণ্টাখানেক সাময়িকভাবে ইমিগ্রেশন বন্ধ ছিল। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিকল্প উপায়ে ম্যানুয়াল পদ্ধতিতে ইমিগ্রেশন কার্যক্রম সচল করা হয়। তবে কার্যক্রম সচল হলেও ধীরগতিতে ইমিগ্রেশনের কার্যক্রম চলছিল। বৃহস্পতিবার ও শুক্রবার এ দুইদিন একইভাবে ধীরগতিতে ইমিগ্রেশনের কার্যক্রম চলেছে। গতকাল সকাল থেকে আবারো সার্ভার সচল হওয়ায় হিলি ইমিগ্রেশনের সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দুদেশের মাঝে যাতায়াতরত পাসপোর্ট যাত্রীদের পাসপোর্ট এন্ট্রিসহ অন্যান্য কার্যক্রম শেষে আগমন-বহির্গমনের অনুমতি দেয়া হচ্ছে।’ 

আরও