টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে উপজেলা প্রশাসন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ২৭ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে টিউবওয়েলের পানি পান করার পরপরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিউবওয়েলের পানিতে কেউ বিষাক্ত কোনো পদার্থ মিশিয়ে থাকতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, টিউবওয়েলের পানিতে কোনো পদার্থ মেশানো হয়েছে কি না, তা নিশ্চিত হতে পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।