হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৮টার দিকে চার-পাঁচটি কারখানার শ্রমিকরা সিংগাইর রোডের পদ্মার মোড় এলাকায় জড়ো হন

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন পোশাক শ্রমিকরা। অনুরোধ করার পরও মহাসড়ক না ছাড়লে একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় চার সাংবাদিকসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ সকাল সাড়ে ৮টার দিকে চার-পাঁচটি কারখানার শ্রমিকরা সিংগাইর রোডের পদ্মার মোড় এলাকায় জড়ো হন।

জানা যায়, সকালে শ্রমিকরা কাজে গেলে মালিকরা পরিস্থিতি মূল্যায়ন করে ছুটি দিয়ে দেন। তখন শ্রমিকদের কিছু অংশ বাড়ি চলে যান আর কিছু অংশ সড়কে অবস্থান নেন। তাদের সড়ক থেকে সরাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পাল্টা শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। তারা সড়কের বিভিন্ন জায়গায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। একটি গার্মেন্টসে ভাংচুর করা হয়েছে বলেও জানা যায়। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন। এর মধ্যে পুলিশের একটি গাড়িতেও ভাঙচুরের খবর পাওয়া যায়।

এরপর পুলিশ দ্বিতীয় দফায় টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা সেখান থেকে বেরিয়ে সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এরই মধ্যে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দিতে বারবার অনুরোধ করেন পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

এদিকে শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় চার সাংবাদিক হামলা ও মারধরের শিকার হয়েছেন। তারা হলেন বণিক বার্তা ও একাত্তর টিভির সাভার প্রতিনিধি রাইয়ান বিন আমিন ও সহযোগী উজ্জ্বল হোসাইন, স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, বৈশাখী টিভির ভিডিও জার্নালিস্ট নিলয়।

এছাড়া তিন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও