খাগড়াছড়িতে অবরোধের মধ্যে উত্তেজনা ও দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় জেলার সদর উপজেলা ও পৌরসভা এলাকায় এবং বিকাল ৩টায় গুইমারা উপজেলায় এ আদেশ দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এ সংক্রান্ত আদেশে বলা হয়, যেহেতু খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জানমালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে, তাই বেলা দুইটা থেকে আগামী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা আদেশ জারি থাকবে।
পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে 'জুম্ম ছাত্র-জনতা'র ব্যানারে আজ সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় ভোর থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে খাগড়াছড়ির সঙ্গে সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
কর্মসূচি চলাকালে সদর উপজেলা প্রাঙ্গণে সড়কের পাশে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তাদের দুজন আহত হন বলেও জানা যায়। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জুম্ম–ছাত্র জনতার মুখপাত্র উক্যেনু মারমা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছি। সবাইকে শান্তিপূর্ণভাবে অবরোধ শেষ করার আহ্বান জানাচ্ছি। কিছু দুষ্কৃতকারী ছাত্র-জনতার অবরোধকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্নভাবে চেষ্টা করেছেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে নিরাপত্তাবাহিনী মিলে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীর খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরান কবীর উদ্দিন।