নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভকারীদের ওপর জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। এতে বাংলামোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলে প্রথমে শাহবাগে তাদের বাধা দেয় পুলিশ।
বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা যমুনার সামনের দিকে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। দুপুর ১টার দিকেও অধিকাংশ আন্দোলনকারী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন। এর কিছুপরই তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখের দিকে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। এর কিছুক্ষণ পর তাদের ওপর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। তবে সেই বাধা উপেক্ষা করে তারা যমুনার সামনের দিকে এগিয়ে যান এবং এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন, সকাল ১০টার পর সরকারি কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিলে ও জলকামান ছুড়লে আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।