১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ১১টায় এদিন অধিবেশন শুরু হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন বলে গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হকের সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ১১টায় এ অধিবেশন বসবে।

সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়। ফলাফল ঘোষণা হয়েছে ২৯৭টির। এর মধ্যে বিএনপি ২০৯ এবং তাদের জোটের তিন শরিক দল তিনটি আসনে বিজয়ী হয়েছে। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্ররা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।

বিজয়ী সংসদ সদস্যদের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। তারা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি। সংবিধানের বিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করে থাকেন।

সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর আগে ভাষণটি মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। প্রথম অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।

এদিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন সেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সংবিধানের ৭৪-এর ৩ ধারা অনুযায়ী, ‘স্পিকারের পদ শূন্য হইলে বা তিনি [রাষ্ট্রপতি রূপে কার্য করিলে] কিংবা অন্য কোন কারণে তিনি স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ বলিয়া সংসদ নির্ধারণ করিলে স্পিকারের সকল দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করিবেন।’

এ ধারায় আরো বলা হয়েছে, ‘ডেপুটি স্পিকারের পদও শূন্য হইলে সংসদের কার্যপ্রণালি-বিধি-অনুযায়ী কোন সংসদ সদস্য তাহা পালন করিবেন; এবং সংসদের কোন বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকিলে সংসদের কার্যপ্রণালি-বিধি-অনুযায়ী কোন সংসদ সদস্য স্পিকারের দায়িত্ব পালন করিবেন।’

১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর সরকারি ও বিরোধী দলের আলোচনার মাধ্যমে জ্যেষ্ঠ একজন সদস্যকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার দায়িত্ব দিয়ে স্পিকার নির্বাচন সম্পন্ন করার নজির রয়েছে।

আরও