সবুজের গালিচা বিছানো রমনায় যখন ভোরের আলো এসে সোনালি উপস্থিতির জানান দিচ্ছে, তখনই নব আলোর সন্ধানে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ-১৪৩০ উদযাপন অনুষ্ঠান। আজ শুক্রবার (১৪ এপ্রিল) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শুরু হয় বাংলা ১৪৩০ সালকে বরণ করে নেওয়ার এই ঐতিহ্যবাহী আয়োজন।
বৈশাখের প্রথম সকালে নতুন বছরকে এক কণ্ঠে বরণ করে নিচ্ছেন ছায়ানটের শতাধিক শিল্পী। তাদের পরিবেশনা মুহূর্তেই মুগ্ধতা ছড়িয়ে দেয় রমনাজুড়ে। সেখানে জীর্ণতা ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানাচ্ছেন সব শ্রেণী-পেশার মানুষ।
এরপরই শুরু হয় সংগীত পরিবেশনা। প্রথমে সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। এরপর একক গানে ফুটিয়ে তুলছেন প্রকৃতি, মানবপ্রেম, দেশপ্রেম ও আত্মবোধনের অনুভব। গানের ফাঁকে ফাঁকে আবার কবিতা আবৃত্তিও স্থান করে নিয়েছে এ বিশেষ অনুষ্ঠানে। এবার ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি এবং সবশেষে জাতীয় সঙ্গীতে অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও ইউটিউব চ্যানেলগুলো।
এদিকে বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে রমনা উদ্যান ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান জোরদার করা হয়েছে। এছাড়া ছায়ানট কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবী, লাউড ওয়ার্কস ও থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপের নির্বাচিত সদস্যরা কাজ করছেন।