গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হাসপাতালে নেয়ার পথে যমুনা নদীতে নৌকায় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শনিবার বিকালে ফুলছড়ি ইউনিয়ন থেকে ফুলছড়ি ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) কর্মীদের তাৎক্ষণিক সহযোগিতায় মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে নদী।
জিইউকের মাঠকর্মীরা জানান, শনিবার বিকালে ফুলছড়ি চরাঞ্চলে মাঠপর্যায়ের কাজ শেষে নৌকায় ফিরছিলেন সংস্থাটির একদল কর্মী। এ সময় প্রসববেদনায় কাতর এক নারীকে হাসপাতালে নেয়ার জন্য তার স্বজনরা নৌকায় তুলে নিতে অনুরোধ করেন। পরিস্থিতি বিবেচনায় কর্মীরা দ্রুত তাকে নৌকায় তুলে নেন।
এর আগে দুর্গম চরাঞ্চলের পথ পাড়ি দিতে ওই নারীকে কিছুটা পথ হাঁটিয়ে এবং পরে মাচায় করে নৌকাঘাটে নিয়ে আসেন স্বজনরা। নৌকায় ওঠার কিছুক্ষণের মধ্যেই তার প্রসববেদনা বেড়ে যায়। এ অবস্থায় নৌকায় থাকা নারী কর্মী ও স্বজনরা প্রসবের ব্যবস্থা করেন। প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে জন্ম নেয় কন্যাসন্তানটি।
গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকন উদ দৌলা জানান, চরাঞ্চলের প্রতিকূল যোগাযোগব্যবস্থার মধ্যেও সবার আন্তরিক সহযোগিতায় নিরাপদে শিশুটির জন্ম সম্ভব হয়েছে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।