ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে জুনায়েদ সরকার (১২) ও তাহমিনা আক্তার (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
জানা গেছে, নিহত শিশু জুনায়েদ সরকার ওই গ্রামের বিল্লাল হোসেন সরকারের ছেলে এবং পাশের বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। অন্য শিশু তাহমিনা আক্তার একই গ্রামের প্রবাসী রূপচাঁন সরকারের মেয়ে এবং স্থানীয় নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, চাচাতো তিন ভাই-বোন জুনায়েদ, তাহমিনা ও তার ছোটবোন তামান্না (৮) গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আম কুড়াতে যায়। আম কুড়ানোর পর বাড়ির পাশের নিঝুরী খালসংলগ্ন সদ্যখননকৃত একটি খাদে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে তাহমিনা ও জুনায়েদ পানিতে ডুবে যায়। বিষয়টি বুঝতে পেরে শিশু তামান্না পানি থেকে উঠে বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।