গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা একটি চিঠিতে জাহাঙ্গীর আলমকে ক্ষমা করার কথা জানানো হয়।
গত ১ জানুয়ারি স্বাক্ষরিত ওই চিঠি অনুযায়ী ভবিষ্যতে সংগঠনের স্বার্থপরিপন্থী কোনো কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে বলেও তাকে সতর্ক করা হয়েছে।
চিঠিতে বলা হয়, অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার বিষয়ে লিখিত অঙ্গীকার করায় দলের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তে তাকে ক্ষমা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র জাহাঙ্গীর বণিক বার্তাকে বলেন, তাকে ক্ষমা করে রাজনীতি করার সুযোগ দেয়ার জন্য তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ।
প্রসঙ্গত, ২০২১ সালের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। ২০২১ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ। পরে মেয়র পদ থেকেও বরখাস্ত হন তিনি।