তীব্র কুয়াশার কারণে দুদিন বন্ধ থাকার পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় বরিশাল নৌবন্দর থেকে পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা হয়। বিআইডব্লিউটিএ বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘন কুয়াশার কারণে গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ। সোমবার পেরিয়ে মঙ্গলবার রাতে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়। এদিন রাত ৯টার দিকে বরিশাল নৌবন্দর থেকে ঢাকা-বরিশাল রুটের সরাসরি চারটি এবং ভায়া রুটের একটি লঞ্চ ছেড়ে যায়। তবে কুয়াশার কারণে ৮ ঘণ্টার যাত্রা ১২ ঘণ্টা বা তারও বেশি সময় নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা।
বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে ওঠা যাত্রী আবদুল মোতালেব বলেন, প্রচণ্ড শীত উপেক্ষা করে লঞ্চে উঠেছি। নির্ধারিত সময়ের মধ্যে নিরাপদে ঢাকা পৌঁছাতে পারব কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
বিআইডব্লিউটিএ বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর জুলফিকার আলী জানান, সদর দফতরের নির্দেশনায় মঙ্গলবার রাত থেকে ঢাকা-বরিশাল রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।