শুধু ডায়ালাইসিস যন্ত্র কেনা বা হাসপাতাল নির্মাণ করে অসুস্থতা ও মৃত্যু ঠেকানো যাবে না। সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধ করে চিকিৎসার জন্য বরাদ্দ অর্থের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গেইন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য খাতের নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য রোগ প্রতিরোধে গুরুত্ব দেয়া। চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ভেজাল খাদ্য এবং দুর্নীতি জনস্বাস্থ্যের বড় বাধা। দেশের বিভিন্ন জেলায় ডায়ালাইসিস যন্ত্র ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হলেও ভেজাল খাদ্য বন্ধ না হলে কিডনিসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়তেই থাকবে। এ সমস্যা মোকাবেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জোরালো ভূমিকা প্রয়োজন।
স্বাস্থ্য খাতে আগামী কয়েক দিনের মধ্যে ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী দুর্নীতিকে কোনোভাবেই সহ্য করবেন না। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
আয়োডিনের ঘাটতি দূর করতে সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, গত কয়েক বছরে আয়োডিনযুক্ত লবণ মানুষের কাছে পৌঁছে দেয়ার ফলে বুদ্ধি প্রতিবন্ধিতার হার অনেকটাই কমানো সম্ভব হয়েছে। তবে ২০২৬ সালের সমীক্ষা অনুযায়ী, এখনো প্রায় ১২ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ ব্যবহার করছেন। অর্থাৎ প্রতি ৮ জনের ১ জন এ ধরনের লবণ খাচ্ছেন। তাদের চিহ্নিত করে সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে উৎসাহিত করতে হবে।
তিনি আরো বলেন, দেশে প্রতিবন্ধী শিশুদের মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশ পুষ্টিহীনতায় ভুগছে। এসব শিশুকে মূলধারার পুষ্টি ও স্বাস্থ্য কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো মনোযোগী হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকের হোসেন খান, গেইনের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ কে এম মুসা এবং বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।