সারা দেশে দুষ্কৃতিকারীরা রক্তপাত ঘটালেও তারা কেন ধরা পড়ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগে অপরাধের পর অল্প সময়ের মধ্যেই অপরাধীদের শনাক্ত করা যেত, এখন তা হচ্ছে না। এতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপটা এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় এসব কথা বলেন রিজভী।
সভায় তিনি বলেন, পুলিশকে আরো সক্রিয় হতে হবে। নিষ্ক্রিয়তার কারণে যদি অপরাধী ও হত্যাকারীরা পার পেয়ে যায়, তাহলে দেশে অন্ধকার নেমে আসবে। এ সময় তিনি ঘোষণা দেন, অসহায়দের পাশে বিএনপি হিমালয় পর্বতের মতো প্রাচীর হয়ে থাকবে। কোনো দুষ্কৃতিকারী যেন গ্রামে-পরিবারে হামলা, গুলি বা আগুন দিতে না পারে, সে বিষয়ে দলটি সতর্ক থাকবে।
রিজভী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, অতীতে তাদের শাসনে দেশ সহিংসতা ও রক্তপাতের মধ্যে পড়েছিল। তিনি দাবি করেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গত ৫ আগস্ট পরিবর্তন এলেও সহিংসতা থামেনি। চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি, ঢাকায় তরুণ ছাত্রনেতা ওসমান হাদি হত্যাকাণ্ড এবং লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাগুলো একই ধারার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, লুটপাট ও অর্থপাচার বন্ধ হয়ে যাওয়ায় একটি পক্ষ এখন দেশে নির্বাচন ঠেকাতে নতুন করে ষড়যন্ত্র করছে।
এর আগে, রিজভী লক্ষ্মীপুর সদর হাসপাতালে অগ্নিদগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে যান। এ সময় তিনি তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেন। পরে তিনি নিহত শিশু আয়েশার কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এবং বিএনপি নেতা হ্যাপি চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউনিয়ন বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এতে তার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া মেয়ে আয়েশা আক্তার মারা যায়। বেলাল ও তার আরো দুই মেয়ে স্মৃতি ও বিথী গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং ঘটনার রহস্য উদঘাটিত হয়নি।