আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করছে চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি সার্ভিস। সীতাকুন্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত ১৭ কিলোমিটারের দীর্ঘ সমুদ্র চ্যানেলে ফেরি সার্ভিস উদ্বোধন করা হবে। ২০২২ সালে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্যোগ নেয়া হলে বিগত ৫ মার্চ সার্ভিস উদ্বোধনের কথা ছিল। তবে শেষ মুহুর্তে শতভাগ প্রস্তুতি শেষ না হওয়ায় উদ্বোধনের তারিখ পিছিয়ে দেয় তদারককারী প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ)।
শনিবার (৮ মার্চ) সকালে বাঁশবাড়িয়া ঘাট হয়ে সন্দ্বীপের উভয় পাশের দুটি ঘাটে ফেরি চলাচলের অবকাঠামোগত কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ সরকারি একাধিক সংস্থার কর্মকর্তারা।
এ সময় কাজের অগ্রগতি পরিদর্শন করে আগামী ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস শুরুর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উদ্বোধনের আগে একাধিকবার পরীক্ষামূলকভাবে ফেরি চালানো হবে। উদ্বোধনের আগে সংকট অনুসন্ধান ও প্রাপ্ত সমস্যাগুলো কাটিয়ে উঠতে ট্রায়াল পর্ব রাখছে বিআইডব্লিউটিএ। বিশেষ করে জোয়ার-ভাটার সময়ে ফেরি কখন চলাচল করবে সে বিষয়টি নিয়ে পরিচালনাকারী কর্তৃপক্ষের তথ্য সংগ্রহের মাধ্যমে সময়সূচি চূড়ান্ত করা হবে বলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় বাঁশবাড়িয়া ঘাটে বেড়িবাঁধ থেকে সাগরের ফোরশোর এলাকায় ব্লক দিয়ে প্রায় ৮০০ মিটারের সড়ক নির্মাণ করা হয়। একইভাবে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নির্মাণ করা প্রায় ৫০০ মিটার সড়ক। উদ্বোধনের আগে গুপ্তছড়া ঘাট এলাকায় আরো ২০০ মিটার সড়ক নির্মাণ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। ফেরি চলাচলে নির্মাণ করা হচ্ছে ফেরির জেটি, গাড়ি পার্কিং ইয়ার্ডসহ অন্যান্য অবকাঠামো। এরই মধ্যে উভয় ঘাটের জন্য পল্টুন নিয়ে এসেছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএর পাশাপাশি সওজ, পানি উন্নয়ন বোর্ডসহ বেশ কয়েকটি সংস্থা দ্বীপ উপজেলা সন্দ্বীপের ফেরি সার্ভিস চালু করতে একযোগে কাজ করছে।