মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ভাঙচুর ২০ বাড়িঘর; ককটেল বিস্ফোরণে আতঙ্ক

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০টি বসতবাড়ি ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে কয়েক ঘণ্টা ধরে চলে। এ সময় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অনেকেই আতঙ্কে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে শামসু সরদার গ্রুপের লোকজন প্রথমে একটি মোবাইল ফোনের দোকান, একটি হোটেল ও একটি মুদি দোকানে হামলা চালায়। পরবর্তীতে তারা প্রতিপক্ষের সমর্থক ঢালী বংশের কয়েকটি বসতবাড়িতে হামলা চালায়। ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি মালামাল লুটপাট করা হয়। এ ঘটনার পর হাবিব হাওলাদার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়ে তোলে। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়িতরা সরে পড়ে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে মামলা নেয়া হবে এবং দোষীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।

আরও