ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা জেলার পারনান্দোয়ালী গ্রামের মৃত মজিদ বিশ্বাসের ছেলে মশিউর রহমান বিশ্বাস (৬৫) ও ফরিদপুরের কামারখালী এলাকার আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে সুয়াজ বিশ্বাস (৪৫)। এরা দুজনেই পিকআপ ভ্যানের চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি ভাণ্ডারিয়া থেকে রাজাপুরের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস এসে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’