নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেলস্টেশন এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। এতে ট্রেনটির পাওয়ার কার বগি ও যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন জানান, শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার আগেই ট্রেনের জেনারেটর বগিতে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করে যাত্রীরা। এরপর ট্রেন থামিয়ে যাত্রীদের নামতে সুযোগ করে দেয়া হয়। সেই সঙ্গে স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পাশাপাশি খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকেও। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে জেনারেটর বগি পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছলে ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পৌনে ১ ঘণ্টার চেষ্টায় তা পুরোপুরি নেভানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস বলছে, ট্রেনটির যে বগিতে জেনারেটর থাকে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত।
এদিকে পুড়ে যাওয়া বগি সরিয়ে নিলে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়। এ বিষয়ে শ্রীপুরের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করে সরিয়ে নেয়ার পর পরই বেলা ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় ওই ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ড ঘটে।’