ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংর্ষের পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চর এলাকায় এলে এর নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে আহত হয় ৫ জন।
মুহূর্তেই গোল্ডেন লাইন পরিবহনকে টুঙ্গীপাড়া এক্সপ্রেস, সাকুরা পরিবহন ও নড়াইল এক্সপ্রেসসহ ৩টি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে আহত হয় আরো ১৫ জন। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। এসময় প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আরো বলেন, চারটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনগুলো জব্দ করা হয়েছে। তবে কেউ মারা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।