সাপ্তাহিক বাজারদর

দাম বেড়েছে সবজি পেঁয়াজ ও মুরগির

রাজধানীসহ দেশের খুচরা বাজারে বেড়েছে বেশির ভাগ সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ, বেগুন, বরবটি ও করলার মতো পণ্যগুলোর দাম। দাম বেড়েছে মুরগিরও। সামান্য স্বস্তি ফিরেছে ডিম ও কাঁচামরিচের বাজারে।

রাজধানীসহ দেশের খুচরা বাজারে বেড়েছে বেশির ভাগ সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজ, বেগুন, বরবটি ও করলার মতো পণ্যগুলোর দাম। দাম বেড়েছে মুরগিরও। সামান্য স্বস্তি ফিরেছে ডিম ও কাঁচামরিচের বাজারে।

গতকাল রাজধানীর মিরপুর, রামপুরা, নিউমার্কেট ও মালিবাগ এলাকার বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা মনির হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে এখন সরাসরি মাঠ থেকে সবজি তুলতে দেরি হচ্ছে। আবার সবজি তোলার খরচও বেশি এখন। এজন্য দাম কিছুটা বেড়েছে।’

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি উচ্ছে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, ঢেঁড়স ৩০-৪০, শসা ৬০-৭০, পটোল ৪০-৫০, বেগুন ও ঝিঙ্গা ৫০-৬০, বরবটি ৬০-৭০ ও কচুর লতি ৬০-৭০ টাকা দরে। সবজির এ ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো আবারো চাপে পড়েছে। অন্যদিকে কাঁচামরিচের দামও কিছুটা কমেছে। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়, যা এক সপ্তাহ আগে ৩০০ টাকার কাছাকাছি ছিল। কিছুটা নিম্নমানের কাঁচামরিচ ১৬০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।

এছাড়া বাজারে এখন দুইদিনের পুরনো অনেক সবজিও বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, ক্রেতা কম থাকায় সবজি বিক্রি হচ্ছে না। কিছু সবজি নষ্ট হচ্ছে। পরে বাছাই করে কম দামে বিক্রি করতে হচ্ছে। দেশী পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা বেড়ে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারেও এর দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা।

ব্রয়লার মুরগির দাম বেড়ে প্রতি কেজিতে ১৬৫-১৭৫ টাকায় পৌঁছেছে। গত সপ্তাহে এ দাম ছিল ১৫০-১৬০ টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, মুরগির উৎপাদন খরচ বেশি হওয়ায় দীর্ঘদিন ধরে লোকসানে মুরগি বিক্রি করে আসছেন খামারিরা। গত কয়েক মাসে দশ হাজারের মতো খামার বন্ধ হয়ে গেছে। ফলে সরবরাহ কমে আসছে ক্রমেই। এজন্য ধীরে ধীরে এখন দাম বাড়ছে। সামনে আরো বাড়তে পারে। অন্যদিকে ডিমের বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা যাচ্ছে। প্রতি ডজন ডিম বর্তমানে বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে ৫-১০ টাকা কম।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের একজন খুচরা ব্যবসায়ী বলেন, কয়েক সপ্তাহ ধরে সবজির দাম অল্প অল্প করে বাড়ছে। এর মূল কারণ কিছু সবজির মৌসুম শেষ, বাজারে সরবরাহও কম। ‌কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় সবজি তুলনামূলক কম আসছে। সরবরাহ কমায় পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়তি যাচ্ছে। মৌসুম পরিবর্তনের এই কয়েকদিন কিছুটা অস্থিরতা থাকতে পারে।

বাজারসংশ্লিষ্টদের মতে, মৌসুমি বৃষ্টিপাত ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা মূল্যবৃদ্ধির মূল কারণ। পাইকারি পর্যায়ে সরবরাহ স্বাভাবিক না হলে ভোক্তা পর্যায়ে আরো প্রভাব পড়তে পারে। বাজার নিয়ন্ত্রণে দ্রুত উদ্যোগ না নিলে সাধারণ মানুষের নিত্যপণ্যে ব্যয় আরো বাড়বে।

আরও