প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না

জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক স্থান হবে না। দেশের গণতন্ত্রকামী জনগণই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আসল নায়ক এবং এ আন্দোলন নির্দিষ্ট কোনো ব্যক্তির নয়

আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি।

আজ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনসহ গত ১৭ বছরে যারা শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের স্মরণে নিজ নিজ এলাকায় একটি করে প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রাম। অন্যদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল দেশের স্বাধীনতা রক্ষার আন্দোলন। মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের শহীদদের অবদানও এ দেশের মানুষ কখনো ভুলবে না।

আরও