উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদের কোটি টাকা ছিনতাই

ঘটনার পর ছিনতাইকারীরা নগদের প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যান। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোটি টাকার বেশি।

রাজধানীর উত্তরায় র‍্যাব সদস্য পরিচয়ে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের প্রতিনিধিদের কাছ থেকে কোটি টাকার বেশি অর্থ ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। আজ শনিবার (১৪ জুন) সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের সংগ্রহ করা টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন তারা। এ সময় একটি কালো মাইক্রোবাসে করে আসা কয়েকজন ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাদের টাকা ভর্তি ব্যাগসহ গাড়িতে তুলে নেন।

ঘটনার পর ছিনতাইকারীরা নগদের প্রতিনিধিদের উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যান। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোটি টাকার বেশি।

নগদের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত ব্যাংকে প্রতিদিনের কালেকশন জমা দিতে যাচ্ছিল প্রতিনিধি দলটি। পথে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা টাকাসহ তাদের গাড়িতে তুলে নিয়ে যান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে এর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ চলছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। দুষ্কৃতকারীদের চিহ্নিত ও গ্রেফতারে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

আরও