খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মানিক বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, মাথায় একাধিক গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা রাস্তায় বেরিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে দুটি খালি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। মরদেহ সুরাতহাল করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মানিক স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন বলে জানিয়েছেন ওসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।