কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকতে ভেসে আসা দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরী ও মিঠাপানিরছড়া সৈকতের পৃথক স্থানে জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে আসে। স্থানীয় জেলেরা প্রথমে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।