ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ঘিরে নয়া পল্টনে তীব্র যানজট সৃষ্টি হয়। আজ রোববার (১ জানুয়ারি) বেলা
আড়াইটায় এ সমাবেশ শুরু হলে কার্যালয়ের সামনের সড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। ওই সময় আশপাশের সড়কে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
পূর্বঘোষণা অনুযায়ী এদিন বেলা দুইটা থেকে সমাবেশ শুরুর কথা ছিল। তবে বেলা পৌনে একটা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
এ বিপুল উপস্থিতির কারণে বেলা দেড়টা থেকে কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ের কাছে ছিল পুলিশের সাঁজোয়া যান।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলামের সভাপতিত্বে সঞ্চালনায় করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ।