বস্ত্র ও পাট উপদেষ্টা

বাজারে পাটের ব্যাগ সহজলভ্য করতে উদ্যোগ নিচ্ছে সরকার

প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, পাটের ব্যাগ পুনরায় ব্যবহারযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। আমরা চাই, এ ব্যাগ বাজারে সহজলভ্য ও কম মূল্যের হোক। এর উৎপাদন ও বিপণন সহজ করতে ব্যবসায়ীদের মতামত প্রয়োজন।

সরকার বাজারে সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ব্যবসায়ীদের মতামত নিয়ে পরিকল্পনা করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

আজ সোমবার (১৭ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সভায় ঢাকা মহানগরের বিভিন্ন বাজারের সভাপতি ও সম্পাদক অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, পাটের ব্যাগ পুনরায় ব্যবহারযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। আমরা চাই, এ ব্যাগ বাজারে সহজলভ্য ও কম মূল্যের হোক। এর উৎপাদন ও বিপণন সহজ করতে ব্যবসায়ীদের মতামত প্রয়োজন।

তিনি আরো বলেন, আমি চাই ব্যবসায়ীরাই পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনে ভূমিকা নিক। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিত করা, বিভিন্ন সাইজের ব্যাগ বাজারে আনা ও পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধের দাবি জানান। উত্তরা-বাড্ডা কাঁচাবাজারের সভাপতি হাজী আব্দুল হালিম বলেন, বাজারে নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে ডিলার ব্যবস্থা চালু করা দরকার।

সভাপতির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে আমরা কাজ করছি। পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বাজারজাত করতে সরকার উদ্যোগী ভূমিকা নিচ্ছে।

সভায় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব মো. সেলিম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের মহাপরিচালক জিনাত আরা, টিসিবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও