রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএসহ উদ্ধারকারীরা। মরদেহের মধ্যে ১১ জন নারী, ৫ পুরুষ ও ৮ শিশু।
দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় গতকাল বিকালে যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। সে সময় যাত্রী ছিলেন মাত্র ছয়জন। এরপর বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটি কমপক্ষে ৫২ জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন।
এ সময় যাত্রীদের কয়েকজন পানির ওপর উঠে আসতে পারলেও অধিকাংশই ভেতরে আটকা পড়েন।
আজ সকাল পর্যন্ত উদ্ধারকৃত ২২ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১ জনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনের মরদেহ উদ্ধারের পর রাজবাড়ীতে নিয়ে আসা হয় সকাল। আর আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।
ছবি: বণিক বার্তা
জেলা প্রশাসনের তথ্যমতে, নিহত ২৪ জনেরই পরিচয় পাওয়া গেছে। এরমধ্যে রাজবাড়ির বাসিন্দা ১৬ ও কুষ্টিয়ার চার জন। বাকি চার জন ঝিনাইদহ, গোপালগঞ্জ, আশুলিয়া ও দিনাজপুরের বাসিন্দা।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে থেকে ২২ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্ম দিবসের মধ্যে ঘটনার অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে। নিহতদের পরিবারকে সরকারী নিয়ম অনুযায়ী সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
এদিকে এখনও নদীপারে নিখোঁজ স্বজনদের খুজছে অনেকে।