জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের ভিশন-মিশন সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তার আগ্রহের জন্য উপাচার্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ভৌত অবকাঠামো এবং বর্তমান প্রশাসনের ভিশন-মিশন সম্পর্কে তাকে অবহিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।