সরকারি নির্দেশনায় স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান উপলক্ষে সারা দেশে বিশেষ ট্রাকসেল কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) মোট ২০ দিন ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) টিসিবির উপ-পরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি, দেশের অন্যান্য সাতটি মেট্রোপলিটন এলাকায় প্রতিদিন ১৫টি করে এবং অবশিষ্ট ৫৫ জেলায় ৫টি করে ট্রাক পরিচালিত হবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন নিম্নআয়ের ভোক্তার কাছে পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে আনুমানিক ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। ট্রাকসেল থেকে যেকোনো ভোক্তা পণ্য ক্রয় করতে পারবেন।
ট্রাকসেলে প্রতি ভোক্তার জন্য সর্বোচ্চ বিক্রয়পরিমাণ ও মূল্য (ঢাকা মহানগর ভিত্তিক) নির্ধারণ করা হয়েছে। ভোজ্যতেল ২ লিটার, প্রতি লিটার ১১৫ টাকা; চিনি ১ কেজি, ৮০ টাকা; মসুর ডাল ২ কেজি, ৭০ টাকা; ছোলা ১ কেজি, ৬০ টাকা; খেজুর আধা কেজি, ১৬০ টাকাতে বিক্রি করা হবে।
এদিকে রমজান উপলক্ষে প্রায় ৬৬ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ফেব্রুয়ারি মাসে প্রায় ৪০ হাজার ৩০০ টন এবং মার্চ মাসে প্রায় ৩৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের জন্য প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে। রমজান উপলক্ষে অতিরিক্তভাবে ছোলা কেজিপ্রতি ৬০ টাকা এবং খেজুর কেজিপ্রতি ১৬০ টাকায় বিক্রি করা হবে।