রাজবাড়ীর কালুখালিতে কোরবানির গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।
সেই সঙ্গে মারা গেছে দুটি গরু। যদিও এ ঘটনায় ১৪টি গরুকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার (৩১ মে) বেলা পৌনে দুইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) ও রফিক হোসেন (৪০)। তারা দুজনেই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহেদুর রহিম জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সে সময় ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে ১৪টি জীবিত গরু ও ২টি মৃত গরু উদ্ধার করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।